জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে পাঁচবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রীতা রানী মহন্ত ও সুমন কুমার কুন্ডুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলায় বালক বিভাগে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলায় দুই বিভাগের দলগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। ক্ষুদে ফুটবলারদের দারুণ নৈপুণ্যে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকসারিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা গড়ে তোলা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টার্স২৪/বাবি