রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সভায় দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে মাদরাসা ও হাইস্কুল শিক্ষার্থীদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এ উদ্যোগে যুক্ত হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার দুইটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সব ছেলে শিক্ষার্থীর জন্য একই ডিজাইনের ড্রেস, ব্যাগ ও জুতা এবং মেয়েদের জন্য আলাদা ডিজাইন নির্ধারণ করা হবে। সরকারের সক্ষমতা রয়েছে এই কর্মসূচি বাস্তবায়নের।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী, সামাজিক ও বেসরকারি সংগঠনগুলো রাষ্ট্রীয় উন্নয়ন কার্যক্রমের অংশীদার হোক। সেই লক্ষ্যেই তাদের এই উদ্যোগে যুক্ত করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম