কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(২৯এপ্রিল) সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার মিরাজ মোল্লার ছেলে মো. জিসান (২১), মো. আলমগীরের ছেলে জুয়েল রানা (২০) ও শাহিনুরের ছেলে মো. শাওন (১৭)। তাঁরা ছাত্রলীগের কর্মী সমর্থক বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলের ব্যক্তিগত ফেসবুকে বেশকয়েকটি মোটরসাইকেলে ছাত্রলীগের একটি মিছিলের ২৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয়। এরপর বিভিন্নজনের ফেসবুকে একই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর মিছিল জড়িত থাকার সন্দেহে আজ বুধবার সকালে শেরকান্দি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে ২০২৪ সালের ১৫ অক্টোবর কুমারখালী থানায় এক বৈষম্যবিরোধী ছাত্রের দায়ের করা বিস্ফোরক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানতে চাইলে মেসেন্জারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, 'কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের দেওয়াল লিখন ও বিক্ষোভ মিছিল চলছে। নিয়মিত কার্যযক্রমের অংশ হিসেবে গতকাল ( মঙ্গলবার) রাতে কুমারখালী কাজীপাড়া এলাকায় একটি মোটরসাইকেল মিছিল করা হয়। এ ঘটনার জেরে বুধবার বেআইনীভাবে তিনজনকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় চালান দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
ছাত্রলীগের মিছিলের ঘটনাটি অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, একটি বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা ছাত্রলীগের কর্মি সমর্থক বলে স্বীকার করেছে। এছাড়াও একটি মারামারি মামলায় মাহফুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমারখালীর আইন - শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে।
রিপোর্টার্স২৪/মিতু