পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর শহরের সবুজবাগ এলাকায় একটি ফ্ল্যাট থেকে বাদশা ফয়সাল (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার রুমমেট পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে শহরের ১০ নম্বর লেনের একটি চারতলা ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, নিহত বাদশা ফয়সাল ওই এলাকার ‘সফট-বাইট’ নামের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর থেকে তার রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক রয়েছেন। জানা গেছে, চয়নের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজল বলেন, আবদ্ধ অবস্থায় একটি ঘরে মরদেহ পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছি। তদন্ত শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পাশাপাশি ভবনের অন্যান্য বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পলাতক রুমমেটকে গ্রেপ্তার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।