স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) জি এম ফারহান ইসতিয়াককে শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এর আগে ১২ মার্চ আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা জজ) পদে থাকা জি এম ফারহান ইসতিয়াককে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষা মন্ত্রণালয়ের পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ২৩ এপ্রিল তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ববি হাজ্জাজ।
রিপোর্টার্স২৪/বাবি