স্টাফ রিপোর্টার: বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, জুলাইবিপ্লবকে যদি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়, তাহলে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখা হয় এবং এতে বাংলাদেশকে খাটো করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক রূপক নয়, এটি আমাদের অস্তিত্ব। আর জুলাই বিপ্লব বাংলাদেশের একটি গণঅভ্যুত্থান, যা নতুন রাজনৈতিক বাস্তবতার স্বপ্ন তৈরি করেছে।
তিনি দাবি করেন, বিএনপি ওই আন্দোলনের পটভূমিতে জনগণের পাশে ছিল এবং এর পটভূমি তৈরি হতে দীর্ঘ সময় লেগেছে। তার ভাষায়, এটি এক মাসের ঘটনা নয়, বরং দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রক্রিয়ার ফল।
বিমান মন্ত্রী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগ এই রাজনৈতিক ধারাকে এগিয়ে নিয়েছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন এক মাসে সম্ভব নয়। যারা বিরোধী দলে আছেন, তাদের উচিত সত্যের সঙ্গে থাকা এবং সত্যকে স্বীকার করা।
আফরোজা খানম আরও বলেন, তার দল আত্মবিশ্বাসী হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী নয়। আমরা দেশ ও জনগণের সেবা দিতে এসেছি। আমরা রাতারাতি সংসদে আসিনি, আমাদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট ও দীর্ঘদিনের।
তিনি মন্তব্য করেন, বীরের পরিচয় থাকে, কাপুরুষের পরিচয় থাকে না—তারা গোপনে থাকে। এছাড়া বেহেশত প্রসঙ্গে আলোচনার জবাবে তিনি বলেন, কার আমলনামা কোথায় যাবে, তা একমাত্র আল্লাহই জানেন। তবে আমরা কখনো বেচাকেনার রাজনীতিতে ছিলাম না।