জামালপুর প্রতিনিধি: জামালপুর জেনারেল হাসপাতালে আফসানা আক্তার (১৪) নামে এক শিশুর শরীরে ভুল করে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আফসানা আক্তার শেরপুর সদর উপজেলার মোকসেদপুর এলাকার আনিসুর রহমানের মেয়ে। সে নারায়ণগঞ্জের রূপসী এলাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং বর্তমানে তার নানাবাড়ি জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকায় অবস্থান করছিল।
পরিবারের অভিযোগ, পেটে ব্যথা নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয় আফসানাকে। অপারেশনের পর তাকে দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ কক্ষে রাখা হয়। এ সময় কোনো প্রয়োজন না থাকলেও কর্তব্যরত এক নার্স ভুলবশত ‘ও’ পজিটিভ গ্রুপের রক্ত তার শরীরে দেওয়া শুরু করেন, যদিও আফসানার রক্তের গ্রুপ ‘এ’ নেগেটিভ।
আফসানার মামা আবির আহমেদ জানান, পরিবারের সদস্যরা বাধা দিলেও নার্স আখি রক্ত দেওয়া চালিয়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে রক্ত দেওয়া বন্ধ করা হয়।
ঘটনার পর আফসানার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তার বমিভাব, অস্বস্তি ও খিঁচুনি দেখা দিলে চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে।
ভুক্তভোগীর মা আঞ্জুয়ারা বেগম অভিযোগ করেন, চিকিৎসকের পক্ষ থেকে রক্ত দেওয়ার কোনো নির্দেশনা ছিল না। হঠাৎ করেই নার্স রক্ত নিয়ে এসে দিতে শুরু করেন। আমরা আপত্তি জানালে তিনি খারাপ আচরণ করেন, বলেন তিনি।
এ ঘটনায় হাসপাতালের সহকারী পরিচালকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার বলেন, পোস্ট-অপারেটিভ কক্ষে নার্সের গাফিলতির কারণে ভুলবশত ভিন্ন গ্রুপের রক্ত দেওয়া হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে রক্ত দেওয়া বন্ধ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
তিনি জানান, ঘটনাটি তদন্তে মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোশাহিদুল ইসলাম সুমনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি