রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে টানা চার দফা সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় দেশের স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা, যা আগে ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকা অপরিবর্তিত রয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার কারণে দেশেও ধারাবাহিকভাবে মূল্য সমন্বয় করা হচ্ছে। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে স্বর্ণবাজারে এ ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম