রিপোর্টার্স২৪ ডেস্ক: হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভ্যাকসিন, চিকিৎসা সরঞ্জাম ও মানবসম্পদ সব ক্ষেত্রেই কোনো সংকট নেই।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের স্বাস্থ্য সহায়তা কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারের স্বাস্থ্য খাত ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করে বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথভাবে অর্থ ব্যয় করা হয়নি। এর ফলে কিছু কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে বর্তমান পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ভ্যাকসিনসহ মানবসম্পদে কোনো ধরনের ঘাটতি নেই।
একই অনুষ্ঠানে সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী হস্তান্তর করে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ মার্কিন ডলারের ‘জিন এক্সপার্ট কার্ট্রিজ’ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্সের যক্ষ্মা (টিবি) ওষুধ হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার ও সুশাসন জোরদারে সহযোগিতা করছে। ভবিষ্যতে যক্ষ্মা শনাক্তকরণ আরও দ্রুত ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ডিজিটাল এক্স-রে, নতুন প্রজন্মের জিন সিকোয়েন্সিং প্রযুক্তি এবং শিশু-বান্ধব ডায়াগনস্টিক ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও আশ্বাস দেন, বাংলাদেশকে একটি সুস্থ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ঝুম