রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে তৃতীয় দফায় ১১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে ঘটনার বিষয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হচ্ছে। তদন্ত অব্যাহত থাকায় তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
আসামিপক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম