রিপোর্টার্স ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২৫ বিলিয়ন (প্রায় ২৫০০ কোটি) মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ আর্থিক কর্মকর্তা জুলস হার্স্ট।
বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে তিনি কংগ্রেস সদস্যদের সামনে এই তথ্য উপস্থাপন করেন। তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের মাত্রা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জুলস হার্স্ট জানান, এই বিশাল ব্যয়ের বড় অংশই ব্যয় হয়েছে সামরিক অস্ত্র ও গোলাবারুদ ক্রয়ে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং নতুন সামরিক সরঞ্জাম মোতায়েনেও উল্লেখযোগ্য অর্থ খরচ হয়েছে।
তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় খরচ দ্রুত বাড়ছে এবং এটি ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায়। ওই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বসহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ব্যক্তিত্ব নিহত হন বলে জানানো হয়।
এছাড়া এই সংঘাতে কয়েক হাজার বেসামরিক মানুষ প্রাণ হারান এবং আরও হাজার হাজার মানুষ আহত হন।
হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা আক্রমণ চালায়। তারা ওই অঞ্চলে এবং দখলকৃত বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা করে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়। সূত্র: সিএনএন
রিপোর্টার্স২৪/ধ্রুব