ইন্টারন্যাশনাল ডেস্ক: লিবিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে একটি নৌকা দুর্ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। রয়টার্স-এর প্রতিবেদনে, রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা ও দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলের শহর তবরুকের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ভেঙে যায় এবং প্রায় আট দিন সাগরে ভাসমান ছিল। পরে দেশটির নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে।
অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে শেষ ঘোষণা করা হয়েছে। নিখোঁজ বাকি ৯ জনের মরদেহ সাগরের ঢেউয়ে তীরে ভেসে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের দরিদ্র দেশগুলো থেকে ইউরোপে যাওয়ার জন্য অনেক অভিবাসনপ্রত্যাশী লিবিয়ার এই সমুদ্রপথকে বেছে নেন। উল্লেখ্য, আফ্রিকা মহাদেশে মোট ৫৪টি দেশ রয়েছে, যার মধ্যে ৪৭টি সাব-সাহারান অঞ্চলের অন্তর্ভুক্ত।
উদ্ধার হওয়া নিহতদের সবাই সাব-সাহারান অঞ্চলের হলেও তাদের নির্দিষ্ট জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।
রিপোর্টার্স২৪/ধ্রুব