ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ফরিদপুরের ভাঙ্গায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শ্যামল বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার মা মিনতি বিশ্বাস গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল বিশ্বাস একই গ্রামের রাজেশ্বর বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় থাকা নারিকেল গাছ নিয়ে শ্যামল বিশ্বাসের পরিবারের সঙ্গে চাচাতো ভাই নিখিল বিশ্বাসদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিকেলে শ্যামল নারিকেল পাড়তে গেলে নিখিল বাধা দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, এ সময় নিখিল বিশ্বাস ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে শ্যামলকে আঘাত করেন। ছেলেকে রক্ষা করতে গিয়ে মিনতি বিশ্বাসও আহত হন।
স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যামলকে মৃত ঘোষণা করেন।
মিনতি বিশ্বাস অভিযোগ করে বলেন, আগেও আমার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে। এবার নারকেল পাড়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে।
রিপোর্টার্স২৪/বাবি