রিপোর্টার্স২৪ ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদে পাস হওয়া আইন অনুযায়ী ১৯৭১ সালে জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সত্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপায় মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, “জামায়াতের পূর্বসূরিরা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। সংসদে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ পাস করেছি। ওই আইনের সংজ্ঞা অনুযায়ী জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত সত্য।”
তিনি আরও বলেন, সংসদে উত্থাপিত এই বিল নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, জামায়াতে ইসলামী বিলের বিরোধিতা না করে নীরব ছিল, যা তিনি “মৌন সম্মতি” হিসেবে উল্লেখ করেন।
আইনমন্ত্রী দাবি করেন, কিছু রাজনৈতিক দল লিখিতভাবে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নে তারা সহযোগিতা করবে।
তবে গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোটের কিছু অংশে প্রতারণা রয়েছে, সেই অংশের সঙ্গে বিএনপি একমত নয়।”
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য ও শ্রমিক অধিকার নিয়েও কথা বলেন বক্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম