বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া এলাকায় সুপেয় পানির অন্যতম উৎস পিএসএফ (PSF) দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর হয়ে পড়েছে। ফলে স্থানীয় জনগণ নিরাপদ পানির সংকটে ভুগছে এবং অনেকেই বাধ্য হয়ে পানি কিনে ব্যবহার করছে।
এই প্রেক্ষাপটে সমস্যার টেকসই সমাধান ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে অভিযান যুব সংগঠন ও এক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ৩০ এপ্রিল বিকেলে কাড়াপাড়া কাদম্বিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় পিএসএফ (PSF) সংস্কার এবং এর যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য একটি কার্যকর কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাটি পরিচালনা করেন ইয়োথা বাগেরহাটের সভাপতি অর্ণব মিস্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন কাড়াপাড়া ১ নম্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন হাওলাদার, ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর হোসেন, কাড়াপাড়া ১ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, প্রতিষ্ঠাতা সদস্য শেখ রাকিব, কোষাধ্যক্ষ দীপ্ত দে, গণমাধ্যমকর্মী শেখ শওকাত হোসেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার এ৪টি প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহাগ হাওলাদার, সিডো যুব সংগঠনের সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত পিএসএফ সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এলাকার পানি সংকট দূর করা সম্ভব।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন হাওলাদার জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পিএসএফ সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এছাড়া প্রশাসনিক সহায়তা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কাড়াপাড়া এলাকার ২০ জনের বেশি গণ্যমান্য ব্যক্তি ও ৩০ জনের অধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন। এছাড়া অভিযান যুব সংগঠনের প্রায় ১৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজকরা মনে করেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে এ সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
রিপোর্টার্স২৪/এসএন