প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 01-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ যশোর হার্ট ফাউন্ডেশনের জন্য এক একর পাঁচ শতক জমি বরাদ্দ
বেনাপোল প্রতিনিধি: যশোরে হৃদরোগ চিকিৎসা সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’-এর জন্য এক একর পাঁচ শতক জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নামে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
জমি বরাদ্দ পাওয়াকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এতে যশোরসহ বৃহত্তর অঞ্চলের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ বলেন, যশোরে এখনো পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র না থাকায় রোগীদের ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে হয়। এই বাস্তবতায় একটি স্থায়ী ও আধুনিক হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়। পরে জনগুরুত্ব বিবেচনায় শহরতলীর মালঞ্চী এলাকায় জমি বরাদ্দ দেওয়া হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা জানান, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি সংগঠনের কার্যক্রম শুরু হয়। এরপর গঠনতন্ত্র প্রণয়ন, নিবন্ধন এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়। জমি বরাদ্দকে তিনি একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনে জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে মিষ্টিমুখ করা হয়।