মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ও রহস্যময় একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকায় একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত কাছে গিয়ে পলিথিনের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে সেটি বোমা হতে পারে বলে সন্দেহ করেন তারা। পরে মুহূর্তের মধ্যেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলিথিনে মোড়ানো সন্দেহভাজন বস্তুটি এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিরাপত্তার স্বার্থে চিরকুটে কী লেখা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, “সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বস্তু ও চিরকুটটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃতি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিরকুটটিও যাচাই করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্তে কাজ করছে পুলিশ।”
এ ঘটনায় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসএন