রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত জেলা কমিটি নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন পদবঞ্চিত নেতাকর্মীদের একটি অংশ। কমিটি বাতিলের দাবিতে রোববার (৩ মে) সকালে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে পদ বণ্টনের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
শহরের পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কাঠালতলী এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে কার্যালয়সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, কমিটিতে বিবাহিত, অছাত্র এবং শহরের বাইরে বসবাসকারী ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে জেলা কমিটির সাধারণ সম্পাদক করায় অসন্তোষ আরও তীব্র হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁদের দাবি, অর্থ ও উপঢৌকনের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, টাকা ও আইফোনের বিনিময়ে পদ দেওয়া হয়েছে। তারা আরও দাবি করেন, যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনি রাঙ্গামাটি শহরের বাসিন্দা নন। তিনি রাজস্থলী থেকে এসেছেন এবং শহরের নেতাকর্মীদের সঙ্গেও তাঁর পরিচয় নেই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ বলেন, ছাত্রদল বড় সংগঠন হওয়ায় সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। “যারা পদ পাননি, তাঁদের মধ্যে অসন্তোষ থাকতেই পারে। তবে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে আস্থা রাখা উচিত,” বলেন তিনি।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।
রিপোর্টার্স২৪/মিতু