রিপোর্টার্স ডেস্ক: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে হজযাত্রীদের সতর্ক করে বলেছে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়া যাবে না বলেও জানিয়েছে সৌদি আরব। হজের জন্য সরকারি অনুমোদন বা পারমিট থাকা বাধ্যতামূলক। সেইসঙ্গে ১৪৪৭ হিজরি হজ মৌসুমের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক।
অবৈধভাবে হজে অংশগ্রহণকারীদের সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ সংক্রান্ত তথ্য জানাতে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ এবং রাজ্যের অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব