রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এসব এলাকায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, রোববার রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ–এর অনেক জায়গায় এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ–এর কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম