বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে রায়পুরা প্রবাসবন্ধু ফোরাম।
আজ সোমবার (৪ মে) সকালে উপজেলা মারকাজ মোড়স্থ ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘প্রত্যাশা-২’ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরএসসি কো-অর্ডিনেটর মো. আব্দুর রহিম।
সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক হারুনুর রশিদ, সদস্য সেলিম মিয়া ও আলী হোসেন প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘প্রত্যাশা-২’ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার ফাতেমা আক্তার নূপুরসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণে প্রবাসবন্ধু ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় পর্যায়ে বিদেশফেরত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সহায়তা প্রদান, পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, ফোরামের কার্যক্রম আরও জোরদার করা এবং এ বিষয়ে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আগামী ত্রৈমাসিক বৈঠকের আগে বিদেশফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীদের তালিকা প্রস্তুত ও তাদের অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিদেশে যেতে ইচ্ছুক নতুন কর্মীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/এসএন