ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে তারা। খবর আনন্দবাজারের।
তবে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন এখনো নিশ্চিত করতে পারেনি দলটি। সরকার গঠনে অন্তত আরও ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন বলে জানা গেছে। ফলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলেও তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
এই পরিস্থিতিতে বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। তার আগে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তার।
দলীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সমর্থন আদায়ে ছোট দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে। কংগ্রেস পাঁচটি আসন এবং পাট্টালি মাক্কাল কাছি চারটি আসন পাওয়ায় তাদের সমর্থন পাওয়া নিয়ে আলোচনা চলছে। দুটি দলই সমর্থনের ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে বাম দলগুলো এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিদুথালাই চিরুথাইগাল কাছি ও দেশিয়া মুরুপোক্কু দ্রাবিড় কাছাগমসহ কয়েকটি ছোট দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে।
নির্বাচনে ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দ্রাবিড় মুন্নেত্র কাজাগম নেতৃত্বাধীন জোট। অন্যদিকে আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম ও বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম থেকেও জোটে আসার আগ্রহ ছিল। তবে বিজেপির সঙ্গে তাদের অবস্থানগত মতবিরোধের কারণে সেই সম্ভাবনা জটিল হয়ে গেছে। বিজয় আগেই বিজেপিকে ‘নীতিগত শত্রু’ হিসেবে উল্লেখ করায় সমঝোতার পথও কঠিন হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে তামিলনাড়ুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। বিজয় কি শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারবেন, নাকি জোট রাজনীতির টানাপোড়েনে রাজ্যটি নতুন রাজনৈতিক অচলাবস্থার দিকে যাবে এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
রিপোর্টার্স২৪/ঝুম