স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। তবে এবারের আসর ঘিরে ভারতের দর্শকদের জন্য তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। রিলায়েন্স–ডিজনির যৌথভাবে দেওয়া ২ কোটি ডলারের সম্প্রচার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিফা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার নির্ধারিত মূল্যের তুলনায় এই প্রস্তাব অনেক কম হওয়ায় আলোচনা এখন অচলাবস্থায় পৌঁছেছে। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ বাজার ভারত এবার বিশ্বকাপ সম্প্রচার থেকে বঞ্চিত হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।
একই সময়ে সনি গ্রুপও সম্প্রচারস্বত্ব নিয়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি বলে জানা গেছে।
শুধু ভারত নয়, চীনেও এখনো বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব চূড়ান্ত হয়নি। অথচ ২০২২ বিশ্বকাপে ফিফার তথ্য অনুযায়ী মোট ডিজিটাল ও সামাজিক মাধ্যম দর্শনের প্রায় অর্ধেকই এসেছে চীন থেকে, যা ছিল ৪৯.৮ শতাংশ।
ফিফা জানিয়েছে, বিশ্বের ১৭৫টিরও বেশি অঞ্চলে সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। তবে ভারত ও চীনের মতো বড় বাজারে আলোচনা এখনো চলমান। এ বিষয়ে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না বলেও জানিয়েছে সংস্থাটি।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। হাতে সময় কম থাকায় এখনো সম্প্রচার চুক্তি, বিজ্ঞাপন বিক্রি এবং অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
শুরুতে ফিফা ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য প্রায় ১০ কোটি ডলার দাবি করেছিল। পরে তা কিছুটা কমানো হলেও ২ কোটি ডলারের প্রস্তাবে তারা রাজি হয়নি। এর আগে ২০২২ বিশ্বকাপের জন্য ভারতীয় বাজারের সম্প্রচারস্বত্ব প্রায় ৬ কোটি ডলারে কিনেছিল রিলায়েন্সের তৎকালীন মিডিয়া ইউনিট।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের সময় অনুযায়ী গভীর রাতে সম্প্রচারিত হবে। ফলে দর্শক সংখ্যা কমে যেতে পারে এই আশঙ্কায় ভারতীয় প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম দামে স্বত্ব কিনতে চাইছে।
সব মিলিয়ে বিশ্বের দুই বড় বাজার ভারত ও চীনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবারের বিশ্বকাপের বৈশ্বিক সম্প্রচার পরিকল্পনা জটিল অবস্থায় পড়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম