জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ব্যবহার করার কারণে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
মঙ্গলবার (৫ই মে) দুপুরে পৌর শহরের হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
মোহাম্মদ মামুনুল হাসান জানান, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জীবননগর উপজেলার ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়। তদারকিকালে অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মনোয়ারা খাতুনের মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, ক্যাব প্রতিনিধি জনাব রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটি টিম।
রিপোর্টার্স২৪/মিতু