বিনোদন ডেস্ক: বিয়ে ও সন্তান নিয়ে ব্যক্তিগত প্রশ্নে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের এমন প্রশ্ন থেকে বিরত থাকার আহ্বান জানান।
ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, কেউ যদি তার কাজের ভক্ত হয়ে হঠাৎ কোথাও দেখা হওয়ার পর শিষ্টাচার না মেনে ব্যক্তিগত প্রশ্ন করেন—তাহলে তা অস্বস্তিকর হয়ে ওঠে। বিশেষ করে “বিয়ে করছেন না কেন? এ ধরনের প্রশ্নকে তিনি ‘অশোভন’ বলে উল্লেখ করেন।
বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার একান্ত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে সাদিয়া জাহান প্রভা বলেন, এসব বিষয়ে মানুষের নিয়ন্ত্রণ নেই। “আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তা হবেই। আর না থাকলে জোর করে সম্ভব নয়,যোগ করেন তিনি।
নিজের ব্যক্তিগত সংগ্রামের কথাও ইঙ্গিত করে প্রভা বলেন, জীবনের অনেক বাস্তবতা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। মানুষের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করার প্রয়োজন দেখেন না তিনি।
এ সময় সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তার মতে, আধুনিক জীবনধারা যাই হোক না কেন, প্রায় প্রতিটি নারীই নিজের মতো করে একটি সংসার, স্বামী-সন্তান ও স্থিতিশীল জীবন কামনা করেন। এমনকি যারা কঠিন সম্পর্ক বা ভাঙা সংসার থেকে ফিরে নতুনভাবে জীবন গড়ার চেষ্টা করছেন, তাদের মধ্যেও এই আকাঙ্ক্ষা থাকে।
সবশেষে তিনি বলেন, সন্তান সম্পূর্ণ সৃষ্টিকর্তার দান। এ বিষয়ে মানুষের অযাচিত কৌতূহল বা প্রশ্ন অন্যকে কষ্ট দিতে পারে—তাই এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম