রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১০ জুন ঘোষণা করা হবে।
বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন। শুনানিকালে নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালে রাকিব ও তামিমার বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। পরে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগে আরও বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেন এবং এতে বাদীর পারিবারিক জীবনে মারাত্মক ক্ষতি ও মানসিক বিপর্যয় ঘটে।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে।
রিপোর্টার্স২৪/ঝুম