মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুটসহ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশের বাড়ির মূল ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম বাড়ির গেটের সামনে কালো টেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল, “হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই”—এমন হুমকিমূলক বার্তা।
পরে বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি একটি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়রা জানান, এ ধরনের বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে গাংনী উপজেলার মটমুড়া ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নে এ ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।