চট্টগ্রাম প্রতিনিধি: জমানো টাকা উত্তোলন, স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং ‘হেয়ারকাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে একীভূত পাঁচ ব্যাংকের শাখায় তালা ঝুলানোর পর এবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমানতকারীরা। গত কয়েকদিন ধরে পাঁচটি ব্যাংকের বিরুদ্ধে আমানতকারীদের চলমান কর্মসূচি এবার বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে পৌঁছেছে।
বুধবার (৬ মে) সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালী মোড়সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখা কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
আমানতকারীরা প্রথমে নিউমার্কেট মোড়ের দোস্ত বিল্ডিংয়ের সামনে মানববন্ধন করেন। পরে সেখান থেকে ব্যানারসহ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে অবস্থান নেন।
এক আমানতকারী বলেন, “আমি ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত। টাকার অভাবে নিয়মিত ডায়ালাইসিস পর্যন্ত করাতে পারছি না। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমার জমানো টাকা রয়েছে। আমি ৩৫ বছর বিদেশে ছিলাম। ব্যাংকগুলো যখন আমাদের টাকা আত্মসাৎ করছিল, তখন বাংলাদেশ ব্যাংক কোথায় ছিল? এর দায় বাংলাদেশ ব্যাংককেই নিতে হবে। আমরা আমাদের টাকা ফেরত চাই, স্বাভাবিক লেনদেন চাই।”
আরেক ভুক্তভোগী গ্রাহক বলেন, “গত কয়েকদিন ধরে আমরা কর্মসূচি পালন করছি। ব্যাংকের স্বাভাবিক লেনদেন চালু ও হেয়ারকাট সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছি। বাংলাদেশ ব্যাংক যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়, সেটাই আমাদের প্রত্যাশা।”
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে পাঁচটি ব্যাংক বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
এ কারণে আমানতকারীরা এই দুই বছরের জন্য তাঁদের আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি অনুসরণ করে আমানতকারীদের দুই বছরের মুনাফায় ‘হেয়ারকাট’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ৭ থেকে ৯ শতাংশ মুনাফার আমানত রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স/এসএন