কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে অফিস খুলতে গিয়ে বিষয়টি টের পান কর্মীরা। এ ঘটনায় তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। অফিসের বিভিন্ন কক্ষও তছনছ করা হয়েছে।
চ্যানেল টুয়েন্টিফোর কুষ্টিয়া অফিসের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাতে কোনো একসময় কুষ্টিয়া পৌরসভার সামনে অবস্থিত অফিসটির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এ সময় তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি হয়। এছাড়া আলমারিতে থাকা বিভিন্ন কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় সাংবাদিক ও কর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কীভাবে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
রিপোর্টার্স২৪/এসএন