বগুড়া প্রতিনিধি: বগুড়া সদরের চাঁদপুর এলাকায় অবস্থিত “ড্রাগন ফুড এন্ড বেভারেজ, বাংলাদেশ” নামের একটি জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার সুপারভাইজার মো. আরিফুর রহমানকে (৩১) ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
অভিযান চলাকালে কারখানায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মান নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন ছাড়াই জুস উৎপাদন, সিল-লোগো ব্যবহার এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুতের বিষয় ও ধরা পড়ে।
এসব অপরাধে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।এ সময় কারখানা থেকে ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে পরিচালনা করেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, পরিদর্শক মো. সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।
রিপোর্টার্স২৪/মিতু