জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রতিজনকে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি বেকসুর খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৭মে) বেলা ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে এই রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিজ্ঞ বিচারক আব্দুর রহিম।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলো- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ এলাকার মো. শিপন (১৯), মো. ইব্রাহিম (২৫) ও মো. ইউসুফ আলী (২০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায় , স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল চাচাতো ভাই মো. সাদিকের। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে বিয়ের আশ্বাসে মেয়েটিকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন তিনি। পরে শিপন, ইব্রাহিম ও ইউসুফ উপস্থিত হলে পালিয়ে যান সাদিক। মেয়েটিকে তখন ওই তিনজন সঙ্গবদ্ধ ধর্ষণ করে ।
১৬ দিন পর ইসলামপুর থানায় সাদিকসহ চারজনের নামে ধর্ষণ মামলা করেন স্কুলছাত্রীর বাবা।
৯ জনের সাক্ষ্য নিয়ে ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারক আব্দুর রহিম। তবে দুইপক্ষের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বকসুর খালাস পান প্রধান আসামি সাদিক।
রিপোর্টার্স২৪/মিতু