নরসিংদী প্রতিনিধি :নরসিংদীর পলাশে রামিম নামে ৯ বছরের এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৬ মে) গতকাল উপজেলার গজারিয়া ইউনিয়নের বাজারে একটি অটোরিকশা গ্যারেজে এই চ্যাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্বজনেরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে নিহত রামিম বাড়ি থেকে গজারিয়া বাজারে তার দাদা আমজাদ হোসেনের দোকানে আসে এবং দোকানের পাশে অবস্থিত অটোরিকশার গ্যারেজে গেলে সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে রিকশাচালক সবুজ মিয়া রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিনের মাধ্যমে ‘দুষ্টামির ছলে’ রামিমের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ওইদিন বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রামিম গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব আসকারী জানান, উচ্চগতিতে পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করার ফলে শিশুটির নাড়ির কোনো একটি অংশ ছিদ্র হয়ে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে। যার ফলে সে শ্বাসকষ্ট ও প্রচণ্ড পেট ব্যথায় ভুগছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তাৎক্ষণিক ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, সন্ধ্যার পর শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ফয়সাল