স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগ-এ দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। পেশোয়ার জালমি-কে শিরোপা জেতানোর পথে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। দুটি সেঞ্চুরিও করেন এই তারকা ব্যাটার।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বাবরের ফর্মে ফেরাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আসে তার ইনজুরির খবর।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাঁ-হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর আজম। তার চোটের অবস্থা পর্যবেক্ষণে রয়েছে দলের মেডিকেল প্যানেল।
বাবরের অনুপস্থিতিতে টপ অর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়া হতে পারে। তার জায়গায় একাদশে আসার দৌড়ে রয়েছেন আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফজল।