শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমু আক্তার নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় কুদ্দুস খান তার স্ত্রীকে অচেতন অবস্থায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই শিমুর স্বামী ও তার পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়।
হাসপাতাল সূত্র জানায়, নিহতের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
রিপোর্টার্স২৪/বাবি