স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলীয় রান তেমন বড় হওয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ফলে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে যায় স্বাগতিকরা।
প্রথম উইকেট হিসেবে আউট হন মাহমুদুল হাসান জয়। দলীয় ১৮ রানে শাহিন শাহ আফ্রিদির বল উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে জমা পড়লে ফিরতে হয় তাকে। ৪ রানে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। শেষ পর্যন্ত ৮ রান করে বিদায় নেন তিনি।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। পাকিস্তানি পেসার হাসান আলীর বলে স্লিপে থাকা সালমান আলী আগার হাতে ক্যাচ তুলে দিয়ে ১৩ রান করে ফিরে যান তিনি।
দুই ওপেনারের বিদায়ে মাত্র ৩১ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ম্যাচটিতে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাহিদ ও তাসকিন। ফলে জায়গা হারিয়েছেন পেসার খালেদ আহমেদ ও স্পিনার হাসান মুরাদ।
অন্যদিকে ম্যাচের আগের রাতেই জানা যায়, বাঁ-হাঁটুর চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।
রিপোর্টার্স২৪/ঝুম