স্টাফ রিপোর্টার: মিয়ানমারে গভীর রাতে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার রাত ১টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময়) ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও অনুভূত হয়। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ড ধরে ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হয়ে আসেন।
এর আগের দিন শনিবার বিকেলেও দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪ থেকে ৪.৫ এর মধ্যে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪.৫ উল্লেখ করলেও ইউএসজিএস জানিয়েছে ৪.৪। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসামের বিলাসিপাড়া এলাকায়।
ভূমিকম্পটির গভীরতা কম হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্পন বেশি অনুভূত হয়। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে স্থানীয়রা মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনির কথা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি