প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 11-05-2026 ইং
সংবাদ শিরোনামঃ খাগড়াছড়িতে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পার্বত্য এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সোমবার (১১ মে) সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবার মানোন্নয়ন, পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন।
সভায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা, উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে মন্ত্রী জেলার কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এর আগে খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।