রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে Bangladesh Railway। ঈদযাত্রার তৃতীয় দিনের অর্থাৎ আগামী ২৫ মে’র ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৫ মে)।
রেলওয়ে সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ মে বিক্রি করা হবে ২৬ মে’র টিকিট এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র টিকিট।
অন্যদিকে ঈদ শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। ওইদিন ৩১ মে’র টিকিট বিক্রি করা হবে। এছাড়া ২২ মে বিক্রি হবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।
বিশেষ নির্দেশনায় বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদে যাওয়া ও ফেরার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবারে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে চারটি টিকিট কাটার ক্ষেত্রে সহযাত্রীদের নামও অনলাইনে ইনপুট দিতে হবে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরতযোগ্য নয়। ফলে টিকিট কেনার আগে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।
টিকিট কালোবাজারি ও প্রতারণা ঠেকাতে যাত্রীদের সতর্ক করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ করে ফেসবুক পেজ বা অননুমোদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম