মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়ির মন্দিরে প্রতিমা চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের তালা ভেঙে তিনটি মূর্তি ও রূপার অলঙ্কারসহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানা-পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পাঞ্জনখাড়া গ্রামে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সুধাংশু কুমার চক্রবর্তীর বাড়িতে বার্ষিক আম উৎসব ও সত্যনারায়ণের পূজার আয়োজন চলছিল। গভীর রাত পর্যন্ত পূজার প্রস্তুতির কাজ করেন পরিবারের সদস্যরা। পরে সবাই ঘুমিয়ে পড়লে কোনো একসময় চোরেরা মন্দিরে প্রবেশ করে।
সুধাংশু কুমার চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি ঘুমাতে যান। তবে তাঁর স্ত্রী ও দুই ছেলে পূজার প্রস্তুতির কাজে রাত দেড়টা পর্যন্ত জেগে ছিলেন। রাত দুইটার দিকে সবাই ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার ভোরে তিনি মন্দিরে যান। সেখানে গিয়ে মন্দিরের গ্রিলের তালা ও ভেতরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখেন। এরপর মন্দিরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সুধাংশু চক্রবর্তীর ছোট ছেলে শরৎ চক্রবর্তী বলেন, মন্দিরের রাধা-কৃষ্ণ ও গোপালসহ তিনটি মূর্তি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। মূর্তিগুলোর গায়ে থাকা প্রায় ৮ থেকে ১০ ভরি রূপার অলঙ্কারও নিয়ে গেছে। এর মধ্যে গলার বড় মালা, গলার হার ও কানের দুলসহ বিভিন্ন রূপার অলঙ্কার ছিল।
তিনি আরও বলেন, তামা ও কাসার তৈরি পূজার থালা-বাসন, কুশা-পুশি এবং অন্যান্য সামগ্রী তছনছ করে ফেলে যায় চোরেরা। এছাড়া মন্দিরের প্রণামীর বাক্স ভেঙে নগদ টাকাও নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ধারণা, সেখানে অন্তত ৫ থেকে ১০ হাজার টাকা ছিল।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন