ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য উন্নত পারমাণবিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য পরীক্ষা চালু রয়েছে। দেশটির বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে ৫৮ ধরনের বংশগত বিপাকজনিত রোগ শনাক্ত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
প্রেসটিভির প্রতিবেদন অনুযায়ী, ইরান প্রায় দুই দশক ধরে এই কর্মসূচি পরিচালনা করছে। শুরুতে মাত্র তিনটি রোগ শনাক্তের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও বর্তমানে এতে অ্যামিনোঅ্যাসিডজনিত রোগ, অর্গানিক অ্যাসিডেমিয়া, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনজনিত সমস্যা এবং ইউরিয়া সাইকেল ত্রুটিসহ বিস্তৃত রোগ অন্তর্ভুক্ত হয়েছে।
এই পরীক্ষায় ব্যবহৃত ট্যান্ডেম ম্যাস স্পেকট্রোমেট্রি প্রযুক্তি পারমাণবিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় স্ক্রিনিং কিটও দেশীয়ভাবে তৈরি করছেন ইরানি গবেষকরা, যা বিশ্বের খুব অল্প কয়েকটি দেশের সক্ষমতার মধ্যে পড়ে।
ইরানের দাবি, তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে জীবনরক্ষাকারী রেডিওআইসোটোপ উৎপাদন করা হচ্ছে, যা চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জন্মের পর দ্রুত এসব রোগ শনাক্ত করা গেলে শিশুদের স্থায়ী মস্তিষ্কের ক্ষতি, প্রতিবন্ধকতা বা মৃত্যুর ঝুঁকি অনেক কমানো সম্ভব।