রিপোর্টার্স২৪ ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম কমে যাওয়ায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
শনিবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ১৫ মে সকাল ১০টা থেকে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
ফলে দুই দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার দাম মোট কমেছে ৬ হাজার ৫৮৯ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা সোনার দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন দর নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম