স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মাজার ভক্তদের সঙ্গে সংহতি জানাতে এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করেছে।
শনিবার (১৬ মে) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষারের নেতৃত্বে প্রতিনিধি দলটি মাজার পরিদর্শনে যায়।
এ সময় তারা মাজার জিয়ারত করেন এবং হামলায় আক্রান্তদের সঙ্গে কথা বলে ঘটনার বর্ণনা শোনেন। পরে নেতারা শাহ আলী থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সারোয়ার তুষার বলেন, গত দুই বছরে বিভিন্ন মাজারে হামলার ঘটনার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন।
তিনি বলেন, কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন মাজারে হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট। ফিলিপনগরের ঘটনায় সরকারি দলের নেতাদের সম্পৃক্ততার প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে ‘মব’ শব্দের ব্যবহার করতে দেখা যাচ্ছে। এভাবে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারে না।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম ও শাহ আলী থানার প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব