স্পোর্টস ডেস্ক: আঙুলের চোট কাটিয়ে সিলেট টেস্টের একাদশে সুযোগ পান মাহমুদুল হাসান জয়। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। জয়ের জন্য শূন্য অবশ্য নতুন কিছু নয়। বরং সময়ের সঙ্গে সেটাই যেন হয়ে উঠছে তার ক্যারিয়ারের সবচেয়ে পরিচিত স্কোর! ২২ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে ৮ বার শূন্য রানে আউট হলেন তিনি।
বাংলাদেশের ওপেনারদের মধ্যে তার চেয়ে বেশি ‘ডাক’ আছে কেবল তামিম ইকবালের। তামিম ৭০ টেস্টের দীর্ঘ ক্যারিয়ারে ১১ বার শূন্য করেছেন। অন্যদিকে জয় ২২ টেস্ট খেলতেই পৌঁছে গেছেন আটে।
তবে জয়ের শূন্য রানের চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে তার আউট হওয়ার ধরন। ম্যাচের পর ম্যাচ একইভাবে আউট হচ্ছেন এই ওপেনার। অফ স্টাম্পের বাইরের বলগুলো ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে বল পাঠিয়ে দেওয়া জয়ের এখন নিয়মিত ঘটনা।
একজন ওপেনারের সবচেয়ে বড় পরীক্ষা অফ স্টাম্পের বাইরের বলগুলোকে দক্ষতার সঙ্গে মোকাবিলা করা। কিন্তু এই জায়গাতেই ঘাটতি দেখা যাচ্ছে জয়ের। বিশেষ করে নতুন বলে সুইং কিংবা সিম মুভমেন্টের বিপক্ষে তাকে প্রায়ই অস্বস্তিতে দেখা যায়। ফলে এমন ব্যর্থতা নিয়মিত হয়ে উঠছে!
অথচ ক্যারিয়ারের শুরুটা এমন ছিল না জয়। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয়ে খেলেছিলেন ৭৮ রানের লড়াকু ইনিংস। দক্ষিণ আফ্রিকার ডারবান টেস্টে করেছিলেন ১৩৭ রান। এই সিলেটেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে করেছেন ক্যারিয়ারসেরা ১৭১ রানও।
তবে মাঝেমধ্যে ভালো কিছু ইনিংস খেললেও ধারাবাহিকতার ভীষণ অভাব জয়ের। যেখানে একের পর এক শূন্য রানে জয় আউট হচ্ছেন সেটি তার ব্যাটিং সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে!
রিপোর্টার্স২৪/ধ্রুব