বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দীপকে নতুন কমিটিতে না রাখায় এ অসন্তোষ আরও বেড়েছে।
দলীয় নেতাকর্মীদের অনেকে জানান, দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা দীপকে জেলা ছাত্রদলের শীর্ষ পদে দেখতে চেয়েছিলেন তারা। কিন্তু কমিটিতে তার নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নেতাকর্মীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে দীপ একাধিক মামলার আসামি হন এবং কারাবরণও করেন। ফলে তৃণমূলে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে তারা মনে করেন।
জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা জানিয়েছেন, অভিজ্ঞ ও ত্যাগী নেতাকে মূল্যায়ন না করায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
এ বিষয়ে আলী সাদ্দাম আহমেদ দীপের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি সূত্র বলছে, তিনি বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কমিটিতে দীপের অনুপস্থিতি ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।