নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৯৯ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।
আবদুস সামাদ নামে ওই ব্যক্তি চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুদ করে পরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল এসব চাল।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সামাদ দাবি করেন, তার ভাই বৈধভাবে লক্ষ্মীপুরের কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত চাল কিনে বাড়িতে রেখেছিলেন।
চরজব্বার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার আহম্মেদ জানান, মোট ৯৯ বস্তা চালের মধ্যে চার বস্তা খোলা থাকায় বাকি ৯৫ বস্তা জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়েছে। চালের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়েছে।
সুবর্ণচরের ইউএনও আকিব ওসমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠানো হয়। আবদুস সামাদের বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। আপাতত চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।অভিযুক্ত ব্যক্তি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে তার চাল ফেরত দেওয়া হবে, না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দাবি করা হয়েছে। দলটির নেতারা বলেছেন, চালগুলো বৈধভাবে ক্রয় করা হয়েছে এবং এ সংক্রান্ত কাগজপত্র সংরক্ষিত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি