স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদা মান্ডা এলাকার একটি বাড়ির বেজমেন্ট থেকে পলিথিনে মোড়ানো এক ব্যক্তির ৭ টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি তার মাথা।
রোববার (১৭ মে) দুপুরে আনুমানিক প্রায় দেড়টার দিকে মুগদা এলাকার মান্ডা ১ম গলির ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির বেজমেন্টে থেকে পুলিশ খণ্ডিত লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’ নামের একটি বাড়ির বেজমেন্টে পলিথিন মোড়ানো খণ্ডিত মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে খণ্ডিত দেহটি উদ্ধার করি। মরদেহটি কেটে সাতটি টুকরো করা হয়েছে এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে এসেছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও মরদেহের মাথাটি পাওয়া যায়নি। পুরো দেহটি পচে গলে গেছে।
তিনি আরও বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ছয় দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে এই বাড়ির বেজমেন্টে ফেলে রেখে গেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করা চলছে।
রিপোর্টার্স২৪/ফয়সাল