ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: অবৈধভাবে নকল ও ভেজাল কসমেটিক পণ্য তৈরির অভিযোগে ফরিদপুরের ভাঙ্গায় একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ নকল কসমেটিক সামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (১৮ মে) পৌর এলাকার চন্ডীদাসদী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম।
জরিমানাপ্রাপ্ত রেজাউল মাতুব্বর নগরকান্দা উপজেলার দক্ষিণকান্দী গ্রামের আছমত মাতুব্বরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোপনে নকল ও ভেজাল কসমেটিক পণ্য তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার ভেতর থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো ধ্বংস করা হয়।
অভিযানকালে কারখানার মালিক রেজাউল মাতুব্বর অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
একই সঙ্গে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে অভিযুক্তের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন ভাঙ্গা থানার এসআই মো. মুকুল হোসেন সরদার। অভিযানে উপজেলা প্রশাসন ও ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা অংশ নেন। আলামত জব্দ, ধ্বংস এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বিক সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সূত্র জানায়, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল ও নকল কসমেটিক উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি