কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন আক্তার ডেইজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সেবাগ্রহীতারা।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ও আধুনিক পদ্ধতিতে তুলে ধরা হচ্ছে। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি ও অনলাইন আবেদনসহ ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকারের চলমান ডিজিটাল কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিন সেবামূলক কার্যক্রম, তথ্য প্রদান ও সচেতনতামূলক বিভিন্ন আয়োজন থাকবে।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণের ভোগান্তি কমছে এবং দ্রুত ও নির্ভুল সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ ভূমি সেবাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
রিপোর্টার্স২৪/এসএন