রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই ‘পার্টনার কংগ্রেস’ প্রোগ্রামের মূল লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের মাটি পৃথিবীর অন্যতম উর্বর মাটি, যেখানে প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকরা আরও লাভবান হবেন। এ জন্য উত্তম কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষম হলে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা বাড়বে।
তিনি আরও বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা। কৃষির আধুনিকায়ন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং খাদ্যের গুণগত মান উন্নয়নে ‘পার্টনার’ প্রোগ্রাম কার্যকর ভূমিকা রাখছে। পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, ফরিদপুর মো. হাফিজ হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ গোলাম রসুল, পাংশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান কবীর, পাংশা উপজেলা সহকারী পরিচালক (বিএডিসি) ফারুক হোসেন, পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলাম, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি এবং উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম সোহরাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন কৃষক-কৃষাণী, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, সরকারি কর্মকর্তা ও স্থানীয় স্টেকহোল্ডারসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/মিতু