নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরেক শিক্ষিকা মমতাজ বেগম। এ দুর্ঘটনার খবর শুনে মানসিক ধাক্কায় তাসনিম আরা নামে এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বদলগাছী-মাতাজি সড়কের চাকরাইল বটতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। উম্মে কুলসুমের বাড়ি উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় এবং মমতাজ বেগমের বাড়ি গোরশাহী গ্রামে।
অন্যদিকে, নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উম্মে কুলসুম ও মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষিকাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর বিদ্যালয়ে পৌঁছালে অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামিম ইয়াসার জানান, উম্মে কুলসুম মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, “শিক্ষার্থী তাসনিম আরার মৃত্যু আকস্মিক তীব্র মানসিক ধাক্কার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ বা মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হওয়ার ফলে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষিকা উম্মে কুলসুম এবং শিক্ষার্থী তাসনিম আরার মৃত্যুতে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।”
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, দুর্ঘটনায় কবলিত সিএনজি ও ধান মাড়াই মেশিন জব্দ করা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু